অল ক্রাইমস. টিভি ডেস্ক
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় র্যাব-১৩ একটি অভিযান চালিয়ে ৮৭ লাখ টাকার মূল্যমানের কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে। এ ঘটনায় সুজন মহন্ত (৩৫) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানিয়েছেন, বুধবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার দন্ডপাল ইউনিয়নের খগেরহাট এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে ২৯ কেজি ওজনের, ৩১ ইঞ্চি দৈর্ঘ্য ও ১৩ ইঞ্চি প্রস্থের মূর্তি জব্দ করা হয়।
গ্রেফতারকৃত সুজন মহন্ত দেবীগঞ্জ উপজেলার খগেরহাট (বিনয়পুর) এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, মূর্তিটি পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল। বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর গ্রেফতার আসামি ও জব্দ আলামত দেবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিপ্লব কুমার গোস্বামী বলেন, প্রত্নতাত্ত্বিক সম্পদ চোরাচালান রোধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।



