অল ক্রাইমস.টিভি ডেস্ক
পয়লা বৈশাখে হালখাতার মতো জাতীয় জীবনের সব বকেয়া পরিশোধ করতে ক্ষমতাসীন বিএনপি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। মঙ্গলবার রাজধানীর বাংলামোটরে এনসিপির সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।
নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, দেশ নতুনভাবে গড়ার প্রত্যাশা সবার। এ সময় শহীদ শরিফ ওসমান বিন হাদিকে স্মরণ করে তিনি বলেন, নতুন দেশের জন্য তরুণরা জীবন দিয়েছে।
নাহিদ ইসলাম বলেন, পয়লা বৈশাখে হালখাতার মাধ্যমে যেমন বকেয়া পরিশোধ করা হয়, তেমনি জাতীয় জীবনের বকেয়াও পরিশোধ করতে হবে। তার মতে, সেই বকেয়া হলো জুলাই সনদ ও কাঙ্ক্ষিত সংস্কার।
তিনি অভিযোগ করেন, গণ-অভ্যুত্থান ও নির্বাচনের পরও জনগণ সংস্কার পায়নি। ফলে সরকারের কাছে জনগণের ‘রক্তের ঋণ’ রয়ে গেছে। তিনি দ্রুত গণভোটের রায় অনুযায়ী সংস্কার বাস্তবায়নের দাবি জানান।
এছাড়া অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করায় সরকার জনগণের সঙ্গে বেইমানি করেছে বলেও মন্তব্য করেন তিনি। এসব অধ্যাদেশ দ্রুত বিল আকারে এনে আইনে পরিণত করার আহ্বান জানান নাহিদ ইসলাম।



