অল ক্রাইমস.টিভি ডেস্ক
দেশজুড়ে হাম পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত এক মাসে হাম ও হাম সন্দেহে আক্রান্ত হয়ে মোট ১৯৮ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বুধবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ১৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ে নিশ্চিত হামে ৩২ জন এবং হাম সন্দেহে আরও ১৬৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে ১২ হাজার ৩৯৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং ২ হাজার ৯৭৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টার তথ্যে বলা হয়েছে, এ সময়ে নতুন করে ৭৬ শিশু হামে আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ৩ জনের। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১ জন শিশু।
ভৌগোলিক বিভাজনে দেখা যায়, সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এই বিভাগে এক মাসে ৯৪ জন শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ১০ হাজার ৩০ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী বিভাগ, যেখানে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৫৫৬ জন এবং মৃত্যু হয়েছে ৬৭ জনের।
অন্যদিকে সবচেয়ে কম আক্রান্তের সংখ্যা রংপুর বিভাগে। সেখানে ৬৪৪ জন শিশু আক্রান্ত হলেও গত এক মাসে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কার্যক্রমে ঘাটতি, স্বাস্থ্যসেবায় দেরি এবং জনসচেতনতার অভাব এ ধরনের পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। এ অবস্থায় দ্রুত টিকা কাভারেজ বাড়ানো এবং ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি স্বাস্থ্যসেবা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।



