অল ক্রাইমস.টিভি ডেস্ক
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় একটি আয়রন ব্রিজ নির্মাণকে ঘিরে চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, রডের পরিবর্তে বাঁশের কঞ্চি ব্যবহার করে নিম্নমানের নির্মাণকাজ সম্পন্ন করা হয়েছে, যা নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রত্নপুর ইউনিয়নের দুশমী–করিমবাজার খালের ওপর বারপাইকা গ্রামের রুহুল হোসেনের বাড়ির সামনে ইউনিয়ন পরিষদের অর্থায়নে ৪৫ ফুট দৈর্ঘ্য ও প্রায় সাড়ে ৫ ফুট প্রস্থের একটি আয়রন ব্রিজ নির্মাণ করা হয়। তবে নির্মাণকাজে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, নির্ধারিত মান বজায় না রেখে যেখানে ৫ ইঞ্চি ঢালাই হওয়ার কথা, সেখানে দেওয়া হয়েছে প্রায় সাড়ে ৩ ইঞ্চি ঢালাই। রডের দূরত্বও নকশা অনুযায়ী না রেখে প্রায় ১ ফুট পরপর ব্যবহার করা হয়েছে বলে দাবি স্থানীয়দের। পর্যাপ্ত রড না থাকায় পরবর্তীতে বাঁশের কঞ্চি ব্যবহার করে ঢালাই সম্পন্ন করার অভিযোগও উঠেছে।
এছাড়া স্থানীয়দের দাবি, ঢালাইয়ের সময় তারা অনিয়মের প্রতিবাদ করলে ঠিকাদার কিছু রড এনে কাজ চালিয়ে নেওয়ার চেষ্টা করেন। সিমেন্ট সংকট দেখা দিলে স্থানীয়দের কাছ থেকেই কয়েক ব্যাগ সিমেন্ট এনে কাজ শেষ করা হয় বলেও অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী হিমু মোল্লা ও ইদ্রিস মোল্লা জানান, ব্রিজের প্রকৃত দৈর্ঘ্য ৫৫ ফুট হওয়ার কথা থাকলেও তা কমিয়ে ৪৫ ফুটে নির্মাণ করা হয়েছে। পাশাপাশি ইউনিয়ন পরিষদের বরাদ্দ ১ লাখ টাকা থাকলেও স্থানীয়দের কাছ থেকে অতিরিক্ত প্রায় ৮৫ হাজার টাকা আদায় করা হয়েছে বলে তারা দাবি করেন।
অন্যদিকে ইউপি সদস্য সোহেল মোল্লা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, বাঁশ ব্যবহার করা হয়েছে ব্রিজের মূল কাঠামোর বাইরে এবং স্থানীয়দের উদ্যোগেই তা করা হয়েছে।
রত্নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার জানান, ব্রিজ নির্মাণে প্রথমে দেড় লাখ টাকা এবং পরে আরও এক লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে উপজেলা প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী বলেন, এলজিইডিকে না জানিয়ে ব্রিজ ঢালাই দেওয়া নিয়মবহির্ভূত।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানার পর তিনি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
ঘটনাটি এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং টেকসই ও মানসম্মতভাবে ব্রিজটি পুনর্নির্মাণ করা হোক।



