অল ক্রাইমস.টিভি ডেস্ক
ঢাকার ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে সাবেক উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, রাজধানীর ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকায় শুরু হওয়া প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান কার্যক্রম বন্ধ না করে তা চালিয়ে যাওয়া উচিত।
শুক্রবার (১৭ মার্চ) নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ওই এলাকায় পার্ক বা জাদুঘর নির্মাণের আগে যথাযথ প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান অত্যন্ত জরুরি। তার মতে, পূর্ববর্তী সরকারের আমলে যে অনুসন্ধান কাজ শুরু হয়েছিল, সেটিকে অব্যাহত রাখলে ঢাকার ইতিহাস সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

মাহফুজ আলম বলেন, ঢাকার ইতিহাস চারশ বছরেরও বেশি পুরনো, এবং এই স্থান থেকে সেই ঐতিহ্যের গুরুত্বপূর্ণ প্রমাণ উঠে আসার সম্ভাবনা রয়েছে। তিনি মনে করেন, ইতোমধ্যে নানা উৎসে ঢাকার প্রাচীন ইতিহাসের প্রমাণ মিললেও এই ধরনের অনুসন্ধান নতুন মাত্রা যোগ করতে পারে।
তিনি আরও উল্লেখ করেন, নগর উন্নয়ন, পার্ক বা বিনোদন কেন্দ্র নির্মাণ যেমন প্রয়োজন, তেমনি একটি শহরের অতীত ও ঐতিহ্য সংরক্ষণ করাও সমান গুরুত্বপূর্ণ। উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি ঐতিহাসিক নিদর্শন রক্ষা করা না গেলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য মূল্যবান তথ্য হারিয়ে যেতে পারে।



