অল ক্রাইমস. টিভি ডেস্ক
ইসলামি প্রজাতন্ত্র ইরানকে ঘিরে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি হয়েছে। সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস অভিযোগ করেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে এমন এক যুদ্ধে জড়িয়ে দিয়েছেন, যা যুক্তরাষ্ট্রের জনগণ চায় না।
স্থানীয় সময় শনিবার (১৮ এপ্রিল) একটি অর্থ সংগ্রহ অনুষ্ঠানে অংশ নিয়ে কমলা হ্যারিস বলেন, ট্রাম্প এমন এক যুদ্ধে জড়িয়েছেন, যা দেশের জনগণের প্রত্যাশার বাইরে। এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের সেনাদের জন্যও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে তিনি মন্তব্য করেন।
এ বিষয়ে এখন পর্যন্ত সরাসরি কোনো প্রতিক্রিয়া জানাননি ডোনাল্ড ট্রাম্প। তবে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলকে নিয়ে একটি বার্তা দিয়েছেন তিনি, যেখানে দেশটির প্রশংসা করেন।
ট্রাম্প বলেন, মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তারা জানে কীভাবে বিজয় অর্জন করতে হয়। তিনি আরও উল্লেখ করেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রের একটি নির্ভরযোগ্য মিত্র হিসেবে নিজেদের প্রমাণ করেছে। তার ভাষায়, তারা সাহসী, নির্ভীক, বিশ্বস্ত এবং বিচক্ষণ।
এছাড়া তিনি বলেন, যুদ্ধের কঠিন সময়ে অন্যরা যখন পিছিয়ে গেছে, সেখানে ইসরায়েল দৃঢ় অবস্থান নিয়েছে। তারা সর্বশক্তি দিয়ে লড়াই করতে জানে এবং বিজয় অর্জনের কৌশলও তাদের জানা রয়েছে।



