অল ক্রাইমস. টিভি ডেস্ক
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সোমবার একদিনের সফরে পৈতৃকভিটা বগুড়া আসছেন। প্রধানমন্ত্রী হওয়ার পর এটি তার প্রথম সফর। সফরকালে তিনি বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন, জেলা বিএনপি আয়োজিত জনসভায় অংশগ্রহণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
তার এই সফরকে কেন্দ্র করে প্রশাসন ইতোমধ্যে নিরাপত্তা ও নির্বিঘ্নতা নিশ্চিত করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে। অন্যদিকে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শহরের গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনাগুলো সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত কর্মসূচি অনুযায়ী, তারেক রহমান সোমবার সকাল ৬টায় গুলশানের নিজ বাসভবন থেকে বাসযোগে যাত্রা শুরু করবেন। সকাল সাড়ে ১০টায় তিনি বগুড়া সার্কিট হাউসে পৌঁছাবেন।
কর্মসূচি অনুযায়ী বেলা ১১টায় জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন, সোয়া ১১টায় জজ আদালতের ই-বেইলবন্ড উদ্বোধন এবং সাড়ে ১১টায় বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীতকরণের ফলক উন্মোচন করবেন।
এরপর পৌনে ১২টায় তিনি গাবতলী উপজেলার বাগবাড়ীর উদ্দেশে রওনা দেবেন। দুপুর পৌনে ১টায় জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকা ক্যাম্পেইন উদ্বোধন, দুপুর ১টায় শহীদ জিয়া কলেজ মাঠে ফ্যামিলি কার্ড প্রদান কর্মসূচিতে অংশ নেবেন।
পৌনে ২টায় নশিপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে তিনি বাগবাড়ীর জিয়া বাড়িতে যাবেন। পরে বিকাল সাড়ে ৩টায় বগুড়া সার্কিট হাউসে ফিরে আসবেন।
বিকাল ৪টায় আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় অংশ নেবেন। এরপর পৌনে ৬টায় বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবন উদ্বোধন এবং সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন।
দিনভর কর্মসূচি শেষে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেবেন। পথে সন্ধ্যা সাড়ে ৬টায় বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে যাত্রাবিরতি করবেন এবং সন্ধ্যা ৭টায় ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।
এর আগে ১৫ এপ্রিল বগুড়া সার্কিট হাউসে তার সফর উপলক্ষে প্রেস ব্রিফিং করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ব্রিফিং শেষে তারা সংশ্লিষ্ট ভেন্যুগুলো পরিদর্শন করেন।
বগুড়া-৭ আসনের সংসদ সদস্য ও গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন বলেন, ঘরের ছেলে আজ দেশের প্রধানমন্ত্রী হয়ে ফিরছেন। এটি শুধু রাজনৈতিক ঘটনা নয়, আবেগের বিষয়। দীর্ঘ সময় পর ‘ঘরের ছেলে’ প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত বগুড়া।



