পরীক্ষামূলক সংস্করণ

কৃষি ও সামাজিক উন্নয়নে ৫৩ কোটি টাকার কর্মসূচি ঘোষণা ব্র্যাকের

অল ক্রাইমস.টিভি ডেস্ক

কৃষি ও সামাজিক উন্নয়ন খাতে নিজস্ব তহবিল থেকে ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে ব্র্যাক। এই কর্মসূচির আওতায় আগামী তিন মাসে দেশের ১ লাখ ৩ হাজার কৃষক ও কৃষি উদ্যোক্তাকে প্রশিক্ষণ, কৃষি উপকরণ এবং আধুনিক প্রযুক্তিগত সহায়তা দেওয়া হবে।

রোববার ব্র্যাকের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, খাদ্য মূল্যস্ফীতি ও কৃষি উপকরণের বাড়তি দামের চাপে ক্ষুদ্র কৃষকদের সহায়তায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির একটি বড় অংশ কৃষি খাতে ব্যয় করা হবে, যার পরিমাণ প্রায় ৩২ কোটি ৮৫ লাখ টাকা।

কৃষকদের জীবিকা উন্নয়নে মাইক্রোফাইন্যান্সসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ৫০ লাখ মাছের পোনা, ১ লাখ হাঁসের ছানা, ১ লাখ মুরগির বাচ্চা এবং ১ লাখ গাছের চারা বিতরণ করা হবে। পাশাপাশি ২০ হাজার গবাদিপশুকে বিনামূল্যে টিকা দেওয়া হবে।

পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থায় গুরুত্ব দিয়ে ১ হাজার কেঁচো সার উৎপাদন ইউনিট স্থাপন করা হবে, যা রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমাবে এবং মাটির উর্বরতা বাড়াবে। একইসঙ্গে ৫০টি আলু ও ৫০টি পেঁয়াজ সংরক্ষণাগার নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

কৃষি যান্ত্রিকীকরণে সহায়তা হিসেবে ২০টি মাড়াই যন্ত্র ও ১০০টি পাওয়ার টিলার বিতরণ করা হবে। পাশাপাশি ৫ হাজার পানিসাশ্রয়ী সেচপ্রযুক্তি দেওয়া হবে, যা সেচ খরচ কমিয়ে উৎপাদন বাড়াতে সাহায্য করবে।

কৃষকদের দক্ষতা বৃদ্ধির জন্য জমির উর্বরতা সংরক্ষণ, উন্নত চাষাবাদ পদ্ধতি, জৈব বালাইনাশক ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

নারী ও কিশোরীদের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতেও কর্মসূচিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ‘স্বপ্নসারথি’ উদ্যোগের মাধ্যমে হাঁস-মুরগি পালন, সেলাই ও স্বাস্থ্যসেবা খাতে ৭ হাজারের বেশি তরুণীকে প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি শিক্ষা সহায়তা ও স্কুলভিত্তিক ল্যাব সুবিধাও যুক্ত থাকবে।

ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির ঊর্ধ্বতন পরিচালক জানান, এই উদ্যোগের মাধ্যমে সরাসরি উৎপাদন সক্ষমতা বাড়িয়ে কৃষকদের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করা হবে।

প্রধান খবর

ভারতে রাজনৈতিক তৎপরতা চালাতে পারবেন না শেখ হাসিনা: মোদি সরকার

ভারতে অবস্থান করে শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে মোদি সরকার। প্রতিবেদনে প্রত্যর্পণ, ভিসা ও ভারত-বাংলাদেশ সম্পর্কও উঠে এসেছে।

আসছে...