অল ক্রাইমস.টিভি ডেস্ক
কেন্দ্রীয় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় জটিলতার কারণে সিরাজগঞ্জের এনায়েতপুরে অবস্থিত খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে প্রযুক্তিগত জটিলতা দেখা দেওয়ায় ২২ এপ্রিল দুপুর ১টা থেকে ২৫ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। এতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের এই সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের পর পরিস্থিতি স্বাভাবিক হলে যথারীতি সব কার্যক্রম পুনরায় চালু করা হবে। তবে ভর্তি কার্যক্রম এই বন্ধের আওতার বাইরে থাকবে এবং পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার তা চলমান থাকবে।



