অল ক্রাইমস. টিভি ডেস্ক
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে ১৭৪ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছান।
ফেরত আসা অধিকাংশ বাংলাদেশি সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের মাধ্যমে লিবিয়ায় প্রবেশ করেছিলেন বলে জানা গেছে। সেখানে অবস্থানকালে অনেকেই অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলেও অভিযোগ রয়েছে।
বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট দপ্তর এবং আইওএম-এর কর্মকর্তারা তাদের স্বাগত জানান। প্রত্যাবাসিতদের জন্য প্রাথমিক চিকিৎসা, খাবার, পথখরচ এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হয়।
সরকারি সূত্র জানায়, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম একসঙ্গে কাজ করছে।
এ ধরনের ঘটনায় মানবপাচার সম্পর্কে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।



