অল ক্রাইমস.টিভি ডেস্ক
সুনামগঞ্জের সদর উপজেলায় আঙিনায় শুকাতে দেওয়া ধান বৃষ্টির হাত থেকে রক্ষা করতে গিয়ে আকস্মিক বজ্রপাতে আঁখি আক্তার নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
রবিবার (১০ মে) বিকেল ৪টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের নলুয়াপাড় গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আঁখি আক্তার (১৫) ওই গ্রামের বাসিন্দা জাহির উদ্দিনের মেয়ে এবং স্থানীয় ইয়াকুব উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, বিকেলে হঠাৎ আকাশ কালো হয়ে মেঘাচ্ছন্ন হয়ে পড়ে এবং বৃষ্টি শুরু হয়। এ সময় বাড়ির সামনে খোলা আঙিনায় (খলায়) শুকাতে দেওয়া ধানগুলো ভিজে যাওয়া থেকে বাঁচাতে আঁখি দ্রুত সেগুলো ঘরে তোলার কাজ শুরু করে। ধান সরানোর কাজ করার সময় হঠাৎ তীব্র বেগে বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
আঁখিকে উদ্ধার করে পরিবারের সদস্যরা দ্রুত সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে তার পরিবার ও সহপাঠীদের মাঝে শোকের মাতম শুরু হয়েছে। নিমিষেই গ্রামজুড়ে বিষাদের ছায়া নেমে আসে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন সেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃষ্টির সময় খোলা স্থানে কাজ করার সময় বজ্রপাতে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পুলিশ বিষয়টি অবগত রয়েছে এবং একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন। প্রাকৃতিক এই দুর্যোগে একজন স্কুলছাত্রীর প্রাণহানিতে এলাকায় গভীর শোকের আবহ বিরাজ করছে।



