অল ক্রাইমস. টিভি ডেস্ক
গাজীপুরের একটি তৈরি পোশাক কারখানায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন অন্তত ৫০ জন শ্রমিক। কাজ চলাকালে অনেকের মাথা ঘোরা, বমি ও শারীরিক দুর্বলতার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হয়।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মহানগরীর ভোগড়া বাইপাস এলাকার প্যানএশিয়া ক্লদিং লিমিটেড নামের একটি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।
শিল্প পুলিশ জানায়, সকালে শ্রমিকরা কাজে যোগ দেওয়ার কিছু সময় পর কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। পরে একই ধরনের উপসর্গ আরও অনেকের মধ্যে দেখা দেয়। একপর্যায়ে অন্তত ৫০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়লে কারখানা কর্তৃপক্ষ তাদের স্থানীয় তায়েরুন্নেছা মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
চিকিৎসকরা জানান, অসুস্থ শ্রমিকদের অধিকাংশের মাথা ঘোরা, বমি ও শরীর দুর্বল লাগার সমস্যা ছিল। দ্রুত চিকিৎসা দেওয়ার পর বেশিরভাগ শ্রমিক সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে কয়েকজন হাসপাতালে ভর্তি থাকলেও তারা সবাই শঙ্কামুক্ত রয়েছেন।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. আমিনুল ইসলাম বলেন, এটি গণ-মানসিক আতঙ্কজনিত সমস্যা। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শ্রমিকদের অবস্থা স্বাভাবিক হয়ে আসে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, খবর পেয়ে তিনি হাসপাতালে গিয়ে শ্রমিকদের খোঁজখবর নিয়েছেন। বর্তমানে সবাই সুস্থ আছেন বলে তিনি জানান।



