অল ক্রাইমস.টিভি ডেস্ক
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অসাধু সিন্ডিকেট ভাঙতে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি পরিকল্পিতভাবে সরবরাহ ব্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে।
সোমবার (১১ মে ২০২৬) রাজধানীর আগারগাঁওয়ে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকসেল কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এসব তথ্য জানান। তিনি বলেন, দেশের আমদানিনির্ভর বাজার ব্যবস্থায় কতিপয় অসাধু চক্রের কারসাজি রোধে সরকার এখন অনেক বেশি কঠোর। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরো সরবরাহ ব্যবস্থাকে (সাপ্লাই চেইন) একটি এআইভিত্তিক ডিজিটাল মডেলের আওতায় আনার পরিকল্পনা করা হচ্ছে, যাতে আমদানি থেকে খুচরা পর্যায় পর্যন্ত প্রতিটি পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হয়। এছাড়া বাজার স্থিতিশীল রাখতে নির্বাচিত কিছু পণ্যের জন্য কৌশলগত মজুত বা ‘স্ট্র্যাটেজিক রিজার্ভ’ গড়ে তোলার কাজও শুরু হয়েছে।
বাণিজ্যমন্ত্রী জানান, আসন্ন কোরবানির ঈদে সাধারণ মানুষের কথা চিন্তা করে গত বছরের তুলনায় পণ্য সরবরাহ প্রায় ৪০ শতাংশ বাড়ানো হয়েছে। গত বছর যেখানে ১০ হাজার ৯০০ টন পণ্য বিতরণ করা হয়েছিল, এবার তা বাড়িয়ে ১৪ হাজার টন করা হয়েছে। তিনি আরও জানান, বিগত সরকারের সময়ের ১ কোটি উপকারভোগীর তালিকা পর্যালোচনা করে দেখা গেছে প্রায় ৫৯ লাখ নামই ছিল ভুয়া। বর্তমানে নতুন ও স্বচ্ছ পদ্ধতিতে তালিকা তৈরি করে ৮০ লাখ মানুষকে টিসিবির আওতায় আনা হয়েছে এবং ভবিষ্যতে এটি ১ কোটিতে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। টিসিবির ডিলার নিয়োগেও নতুন স্বচ্ছ নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। আমদানিনির্ভর ব্যবসায় বড় পুঁজির আধিপত্য কমাতে টিসিবির সাথে অংশীদারিত্বভিত্তিক নতুন একটি ব্যবসায়িক মডেল চালুর বিষয়টিও সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে।



