অল ক্রাইমস.টিভি ডেস্ক
ছাগলকাণ্ডের মাধ্যমে দেশজুড়ে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলার অভিযোগ গঠন শুনানি পিছিয়ে আগামী ৫ জুলাই দিন ধার্য করেছেন আদালত।
সোমবার (১১ মে ২০২৬) সকালে ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বেগম শামীমা আফরোজের আদালতে এই মামলার অভিযোগ গঠন শুনানির কথা ছিল। তবে আসামিপক্ষের আইনজীবী ঢাকা বার অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়া ও মো. বোরহান উদ্দিনসহ অন্যান্য আইনজীবীরা শুনানির তারিখ পেছানোর জন্য আদালতে সময়ের আবেদন করেন। আদালত সেই আবেদন মঞ্জুর করে আগামী ৫ জুলাই পরবর্তী শুনানির দিন ঠিক করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মীর আহমেদ আলী সালাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
২০২৪ সালের কোরবানির ঈদে ঢাকার মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রো থেকে ১৫ লাখ টাকায় একটি ছাগল কেনাকে কেন্দ্র করে মতিউর রহমানের ছেলে ইফাতের ফেসবুক পোস্ট ভাইরাল হয়। এরপরই মতিউর রহমানের অঢেল সম্পদের বিষয়টি প্রকাশ্যে আসে এবং দেশজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। সেই সূত্র ধরে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর দুদক মতিউর ও তাঁর দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুটি মামলা দায়ের করে। মামলায় তাঁর বিরুদ্ধে ৫ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ৯৩৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১ কোটি ২৭ লাখ ৬৬ হাজার ২১৬ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়। পরবর্তীতে ২০২৫ সালের ১৪ জানুয়ারি গোয়েন্দা পুলিশ (ডিবি) মতিউর রহমানকে গ্রেপ্তার করে এবং বর্তমানে তিনি কারাগারে বন্দি রয়েছেন।



