অল ক্রাইমস.টিভি ডেস্ক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার (১১ মে ২০২৬) বিকেলে কায়েতপাড়া ইউনিয়নের বরুনা এলাকায় একটি সালিস বৈঠক চলাকালীন এই সংঘর্ষের সূত্রপাত হয়, যাতে অন্তত ১২ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২ মে অটোরিকশা সাইড দেওয়াকে কেন্দ্র করে কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী আমিন হোসেনের সঙ্গে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেনের বিরোধ তৈরি হয়। এই বিরোধ মীমাংসার জন্য সোমবার রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনের সভাপতিত্বে বরুনা প্রাথমিক বিদ্যালয় মাঠে একটি সালিস বৈঠক বসে। বৈঠক চলাকালীন উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় ৩ থেকে ৪ রাউন্ড ফাঁকা গুলির শব্দ শোনা গেছে এবং আশপাশের বাড়িঘর ও দোকানে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে।
সংঘর্ষে গুরুতর আহত বিল্লাল হোসেন, মোমেন খাঁ ও অপু মিয়াসহ বেশ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম ও জেলা নেতা বিল্লাল হোসেন একে অপরকে হামলার জন্য দায়ী করেছেন। রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



