অল ক্রাইমস.টিভি ডেস্ক
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম নামের দুই বাংলাদেশি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা নিহত হয়েছেন।
লেবাননের নাবাতিয়ে প্রদেশের যেব্দিন এলাকায় সোমবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ইসরায়েলি বাহিনীর একটি ড্রোন ওই এলাকার একটি আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালালে সেখানে অবস্থানরত দুই বাংলাদেশি কর্মী প্রাণ হারান। নিহতদের মধ্যে শফিকুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের আফসার আলীর ছেলে এবং মো. নাহিদুল ইসলাম আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মো. আবদুল কাদেরের ছেলে। বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক শোকবার্তায় এই তথ্য নিশ্চিত করে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান যে, ঘটনার পর নিহতদের মরদেহ উদ্ধার করে নাবাতিয়ের নাবিহ বেররি হাসপাতালে রাখা হয়েছে। যুদ্ধবিধ্বস্ত লেবাননে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে। এর আগে গত ৮ এপ্রিল বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় দিপালী বেগম নামের আরও এক বাংলাদেশি নারী শ্রমিক নিহত হয়েছিলেন। বর্তমান পরিস্থিতিতে দূতাবাস প্রবাসীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে।



