অল ক্রাইমস.টিভি ডেস্ক
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের কিংবদন্তি এবং রাজনীতির আলোচিত মুখ সাকিব আল হাসান সম্প্রতি তার রাজনৈতিক জীবন, দেশের বর্তমান পরিস্থিতি এবং ব্যক্তিগত অবস্থান নিয়ে এক বিস্ফোরক সাক্ষাৎকার দিয়েছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত এই বিশ্বসেরা অলরাউন্ডার ‘সিম্পলি সাঈদ’-এর সঙ্গে আলাপকালে দেশের বদলে যাওয়া রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তার বিস্ময় প্রকাশ করেন।
সাক্ষাৎকারে সাকিব আল হাসান দেশের মানুষের রাজনৈতিক পক্ষ পরিবর্তনের বিষয়টি উল্লেখ করে বলেন, ‘একটা সময় দেখতাম যে সবাই আওয়ামী লীগ করে, আর এখন দেখি যে কেউই আওয়ামী লীগ করে না। এরকম একটা অবস্থা।’ দেশের চলমান অস্থিরতা এবং নিজের নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে তিনি জানান, তার কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিরাপদে ঢাকায় পা রাখা। আগামীতে দেশে ফিরলে মিরপুর স্টেডিয়াম না কি নিজের এলাকা মাগুরা—কোথায় আগে যাবেন, এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্টভাবে জানান যে, এখন ঢাকায় পা রাখাটাই তার জন্য সবচেয়ে বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
বিগত নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়া এবং খেলোয়াড়ি জীবনেই রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়েছেন সাকিব। তিনি দাবি করেন, রাজনীতিতে আসার সিদ্ধান্তে তিনি কোনো ভুল করেননি। মাঠের পারফরম্যান্স ও রাজনীতির মাঠ—উভয় ক্ষেত্রেই নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি আবেগপ্রবণ হয়ে বলেন, ‘কখনো মাগুরাতে সাকিব আল হাসান হইনি। আমি সবসময় মাগুরাতে ফয়সালেই ছিলাম।’ অর্থাৎ, বিশ্বসেরা ক্রিকেটারের ইমেজের চেয়ে তিনি মাগুরার স্থানীয় মানুষের কাছে নিজের জন্মগত পরিচয় ‘ফয়সাল’ হিসেবেই থাকতে পছন্দ করেন।
সাক্ষাৎকারে ক্রিকেট বোর্ডের ভবিষ্যৎ এবং তার সাবেক সতীর্থ তামিম ইকবালের বিসিবি সভাপতি হওয়া নিয়েও কথা বলেন তিনি। তামিম কোনো নতুন উদ্যোগ নিয়েছেন কি না—এমন প্রশ্নে সাকিব খানিকটা কৌশলী উত্তর দেন। তিনি মনে করেন, নির্বাচনের মাধ্যমে যে বোর্ড গঠিত হবে, তাদের হাতেই দীর্ঘমেয়াদী এবং গঠনমূলক সিদ্ধান্ত নেওয়ার পর্যাপ্ত সময় থাকবে। মাঠের বাইরে বর্তমানে নানা বিতর্কে থাকলেও নিজের অবস্থানে অনড় থেকে সাকিব আল হাসান তার ক্রিকেট ও রাজনৈতিক জীবনের পরবর্তী ধাপের জন্য অপেক্ষার ইঙ্গিত দিয়েছেন।



