অল ক্রাইমস.টিভি ডেস্ক
রাজধানীর মিরপুর শাহ আলী পাইকারি বাজারে বিরাজমান ‘নীরব চাঁদাবাজি’ ও উচ্চ দোকান ভাড়ার সিন্ডিকেট ভাঙতে ব্যবসায়ীদের সম্মিলিত প্রতিরোধের ডাক দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (১২ মে) সকালে রাজধানীর মিরপুর-১ এলাকার শাহ আলী পাইকারি বাজার পরিদর্শনে গিয়ে ডা. শফিকুর রহমান ব্যবসায়ীদের দীর্ঘদিনের পুঞ্জীভূত অভিযোগ শোনেন এবং বর্তমান বাজার পরিস্থিতির ওপর গভীর উদ্বেগ প্রকাশ করেন। বাজার পরিদর্শনকালে সাধারণ ব্যবসায়ীরা অভিযোগ করেন, সরকারিভাবে যে দোকানের ভাড়া মাত্র পাঁচ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, প্রভাবশালী বরাদ্দপ্রাপ্ত মালিকরা সেই দোকান সাধারণ ব্যবসায়ীদের কাছে দেড় লাখ টাকা পর্যন্ত উচ্চ মূল্যে ভাড়া দিচ্ছেন। এর বাইরেও বাজারে নিয়মিত ‘নীরব চাঁদাবাজি’ চলছে, যার ফলে পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। ব্যবসায়ীরা আরও জানান, চাঁদাবাজদের পরিচয় তারা জানলেও প্রাণভয়ে তাদের নাম প্রকাশ করতে সাহস পাচ্ছেন না।
ব্যবসায়ীদের এসব অভিযোগের জবাবে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, এই চাঁদাবাজরা আফ্রিকার জঙ্গল থেকে আসেনি; এরা আমাদের আশপাশেই বসবাস করে এবং তাদের পরিচয় সবাই জানে। তিনি হুশিয়ারি দিয়ে বলেন, ব্যবসায়ীরা যদি ঐক্যবদ্ধ হন এবং সাহস দেখান, তবে এই নীরব চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে জামায়াতে ইসলামী পুরোপুরি প্রস্তুত রয়েছে। তিনি আরও মন্তব্য করেন যে, সংসদ সদস্যরা যদি আন্তরিকভাবে চান, তবে দেশে চাঁদাবাজি বন্ধ করা অসম্ভব কিছু নয়। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের ‘নাভিশ্বাস’ উঠে গেছে উল্লেখ করে তিনি বলেন, বিশেষ করে স্বল্প আয়ের মানুষের পক্ষে বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে।
ডা. শফিকুর রহমান জানান, কৃষক তার পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না, আবার ভোক্তারাও অনেক বেশি দামে পণ্য কিনছে; মাঝখানের মুনাফা চলে যাচ্ছে অন্যদের পেটে। এই দুষ্টচক্র ভাঙার জন্য তাদের লড়াই শুরু হয়েছে এবং এই দাবি সংসদের ভেতরে ও বাইরে অব্যাহত থাকবে। তিনি দেশ ও জনস্বার্থে সকল দুর্নীতিবাজ ও দুষ্কৃতিকারীদের রুখে দিতে সামাজিক সচেতনতা ও ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর জোর দেন। তিনি স্পষ্ট করেন যে, কোনো একক দলের পক্ষে এই সংকট সমাধান সম্ভব নয়, বরং জনগণের সক্রিয় সহযোগিতাই পারে চাঁদাবাজমুক্ত একটি সুশৃঙ্খল বাজার ব্যবস্থা নিশ্চিত করতে।



