অল ক্রাইমস.টিভি ডেস্ক
আগামী ২৪ মে থেকে দেশের সকল প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসায় পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দীর্ঘ ছুটি শুরু হতে যাচ্ছে।
২০২৬ সালের সংশোধিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, আগামী ২৪ মে (রোববার) থেকে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এই ছুটি কার্যকর হবে। তবে ক্যালেন্ডার অনুসারে ২৪ মে ছুটি শুরু হলেও শিক্ষার্থীরা মূলত ২১ মে (বৃহস্পতিবার) ক্লাসের পরেই ছুটির সুযোগ পাচ্ছে। এর কারণ হলো ২২ ও ২৩ মে যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটির সাথে এই দীর্ঘ ছুটি যুক্ত হচ্ছে। ফলে ২১ মে-ই হচ্ছে শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠানের শেষ কর্মদিবস।
ছুটির সময়সীমা বিশ্লেষণে দেখা যায়, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে থাকা প্রতিষ্ঠানগুলোতে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত ছুটি নির্ধারিত রয়েছে। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় এই স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পুনরায় চালু হবে ৭ জুন (রোববার)। সব মিলিয়ে এই স্তরের শিক্ষার্থীরা টানা ১৬ দিনের একটি দীর্ঘ ছুটি উপভোগ করার সুযোগ পাবে।
অন্যদিকে, দেশের আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসাগুলোতে ছুটির মেয়াদ আরও কিছুটা দীর্ঘ। মাদরাসার ক্যালেন্ডার অনুযায়ী ২৪ মে থেকে ১১ জুন পর্যন্ত ছুটি চলবে। এরপর ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন থেকে পুনরায় মাদরাসার পাঠদান শুরু হবে। এর ফলে মাদরাসার শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ প্রায় ২৩ দিনের একটি বড় অবকাশ যাপন করতে পারবে।
জুন মাসে স্কুল ও মাদরাসা খোলার পর জুলাই ও আগস্ট মাসেও বেশ কিছু ছুটির দিন রয়েছে। ২৯ জুলাই আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে একদিনের ছুটি থাকবে। এরপর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। এছাড়া সেপ্টেম্বর মাসেও জন্মাষ্টমী ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ছুটির কথা জানানো হয়েছে। পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মের তীব্রতা বিবেচনায় প্রতি বছরের ন্যায় এবারও শিক্ষার্থীদের জন্য এই দীর্ঘ ছুটির ব্যবস্থা রাখা হয়েছে।



