অল ক্রাইমস. টিভি ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি সব সময় উন্মুক্ত রাখা হবে এবং ইরানকে কখনোই এই পথকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
মার্কিন সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই নৌপথ সচল রাখা বিশ্ব অর্থনীতির স্বার্থে জরুরি।
তিনি বলেন, ‘হরমুজ প্রণালি খোলা থাকবে। আমরা নিশ্চিত করব, ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে এবং বিশ্বে স্থিতিশীলতা বজায় থাকে।’
ট্রাম্প আরও দাবি করেন, বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতি চীনের মোট তেল আমদানির প্রায় ৪০ শতাংশ এই প্রণালির ওপর নির্ভরশীল। ফলে হরমুজ প্রণালিতে কোনো ধরনের অস্থিরতা তৈরি হলে তা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে।
ইরানের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, অতীতেও তেহরান বিভিন্ন সময় চাপ প্রয়োগের কৌশল হিসেবে হরমুজ প্রণালি বন্ধ করার চেষ্টা করেছে। তার ভাষায়, ‘ইরান অতীতেও হরমুজ প্রণালি বন্ধ করেছে এবং এটিকে চাপ সৃষ্টির অস্ত্র হিসেবে ব্যবহার করেছে।’
ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র তার নেতৃত্বে কখনোই ইরানকে এ ধরনের কৌশল সফল করতে দেবে না। তিনি স্পষ্টভাবে জানান, ‘তেহরান আমার বিরুদ্ধে হরমুজ প্রণালিকে কোনোভাবেই অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারবে না।’
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও গ্যাস পরিবহন করা হয়। এ কারণে অঞ্চলটিতে উত্তেজনা তৈরি হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ও বৈশ্বিক বাণিজ্যে সরাসরি প্রভাব পড়ে।



