পরীক্ষামূলক সংস্করণ

কুমিল্লা বিভাগের দাবি পূরণের আশ্বাস প্রধানমন্ত্রীর

অল ক্রাইমস. টিভি ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর একে একে সব নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। কুমিল্লা বিভাগ যদি জনগণের দাবি হয়ে থাকে, তবে তা অবশ্যই বাস্তবায়ন করা হবে—ইনশাল্লাহ।

শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর এলাকায় একটি পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি জনগণের দল এবং এই দল সবসময় জনগণের কল্যাণে কাজ করে। নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে, এজন্য সবাইকে ধৈর্য ধরে পাশে থাকতে হবে।

তারেক রহমান আরও বলেন, নির্বাচনের আগে কৃষকদের উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ক্ষমতায় আসার পর ১০ দিনের মধ্যেই ১২ লাখ কৃষকের কৃষিঋণ মওকুফ করা হয়েছে, যার ফলে লাখ লাখ কৃষক ঋণমুক্ত হয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। কুমিল্লা অঞ্চল থেকে দেশের বিভিন্ন স্থানে প্রচুর কৃষিপণ্য সরবরাহ হয়। স্থানীয়দের দাবি অনুযায়ী একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে। তিনি জানান, তিনি শিগগিরই শিক্ষামন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনা করবেন এবং দ্রুত কুমিল্লায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

প্রধানমন্ত্রী বলেন, বিগত ১৭ বছর দেশে ফ্যাসিস্ট শাসনের কারণে জনগণের ওপর নির্যাতন, গুম, খুন ও দমন-পীড়ন চালানো হয়েছে। পাশাপাশি দেশের অর্থ বিদেশে পাচার করা হয়েছে, যার ফলে অর্থনীতির ওপর চাপ তৈরি হয়েছে। এ কারণে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, জনগণই বিএনপির মূল শক্তি। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা কাজ করব, দেশ গড়ব, সবার আগে বাংলাদেশ।”

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় আরও বক্তব্য দেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম, কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া, কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।

প্রধান খবর

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৪৬

স্পেনের তোলেদো প্রদেশে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু যাত্রী। উদ্ধারকাজ চলছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আসছে...