অল ক্রাইমস.টিভি ডেস্ক
প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো প্রকার নতজানু পররাষ্ট্রনীতি চলবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম শীর্ষ নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সাথে তিনি প্রশ্ন তোলেন, যদি ‘সবার আগে বাংলাদেশ’ নীতি দাবি করা হয়, তবে সীমান্তে প্রতিনিয়ত কীভাবে সাধারণ মানুষ খুন হয়, সরকারকে সেই জবাব দিতে হবে।
আজ শনিবার (১৬ মে) বেলা একটার দিকে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। রাজশাহী মহানগর ও জেলা পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে এই যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাসীরুদ্দীন পাটওয়ারী তার বক্তব্যে পরিষ্কার করে বলেন, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কোনো প্রকার আপস করা চলবে না। সিভিল ফরম্যাটে আওয়ামী লীগসহ ভারতকেন্দ্রিক যে শক্তিগুলো রয়েছে, তাদের সাথে কোনো ধরনের আপস বা সমঝোতা করা যাবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।
বক্তব্যকালে নাসীরুদ্দীন পাটওয়ারী ঐতিহাসিক ফারাক্কা দিবসের প্রসঙ্গ তুলে ধরে বলেন, আজকের এই ঐতিহাসিক দিনে মজলুম জননেতা মাওলানা ভাসানী ভারতের বিরুদ্ধে পানির ন্যায্য হিস্যার দাবিতে লং মার্চের ডাক দিয়েছিলেন। যারা তার আদর্শের কথা বলেন, তাদের সেই সংগ্রামী নীতিও অন্তরে ধারণ করতে হবে। রাজশাহীর তীব্র পানির সংকট ও নদী প্রসঙ্গে এনসিপির এই নেতা জোরালো দাবি তুলে বলেন, রাজশাহীবাসীর জীবন বাঁচাতে নদীতে আগে পানির নিশ্চয়তা দিতে হবে। নদীর পানির প্রশ্নে কোনো আপস করা হবে না। সরকারের খাল খনন কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, খাল খননের আগে মূল নদীতে পানি আনতে হবে। খালের পানি তো আর সমুদ্র থেকে আসে না, নদী থেকেই আসে। তাই ভারতের সামনে গিয়ে নতজানু হয়ে নম নম করলে আর উল্টো বিজ্ঞান বোঝালে কোনো লাভ হবে না। প্রয়োজনে পানির অধিকার আদায়ের জন্য আবারও ঐতিহাসিক লং মার্চ করার হুঁশিয়ারি দেন তিনি।
রাজশাহীর ঐতিহ্যবাহী কৃষি ও বিখ্যাত আমের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, রাজশাহীর আম শুধু এই অঞ্চলের সম্পদ নয়, এটি পুরো বাংলাদেশের এবং বিশ্বের সম্পদ। কিন্তু দুর্ভাগ্যবশত স্থানীয় কৃষকেরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাচ্ছেন না। কৃষক মাঠপর্যায়ে মাত্র ২০ টাকায় আম বিক্রি করলেও ঢাকার বাজারে মধ্যস্বত্বভোগীদের কারণে সেটি ১০০ টাকায় বিক্রি হচ্ছে। মাঝখান থেকে সিন্ডিকেট ও দালাল শ্রেণি পুরো লাভ লুটে নিচ্ছে। তিনি স্পষ্ট ঘোষণা দেন, আমের বাজারে কোনো সিন্ডিকেট চলতে দেওয়া হবে না। আম দীর্ঘ দিন সংরক্ষণের জন্য রাজশাহীতে কোল্ড স্টোরেজ বা হিমাগার এবং আধুনিক সংরক্ষণ ব্যবস্থা দ্রুত চালু করতে হবে এবং সামগ্রিক অঞ্চলকে প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার আওতায় আনতে হবে।
নাসীরুদ্দীন পাটওয়ারী কর্মসংস্থান ও সরকারের বিভিন্ন কার্ড নীতি নিয়ে তীব্র সমালোচনা করে বলেন, রাজশাহীতে অনেক নামী বিশ্ববিদ্যালয় ও কলেজ রয়েছে, যেখানে হাজার হাজার শিক্ষার্থী উচ্চশিক্ষা নিচ্ছেন। কিন্তু পড়াশোনা শেষ করার পর তাদের জন্য কোনো ভালো চাকরি বা কর্মসংস্থানের ব্যবস্থা এখানে নেই। সরকারের বিভিন্ন কার্ড বিতরণের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, আমরা শুধু কতগুলো কার্ড পেয়েছি, যেগুলো পকেটে নিয়ে ঘুরে বেড়াতে হয়। আমরা আগেই বলেছিলাম, এই কার্ডে যদি সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি বা টাকা না আসে, তবে আমরাও জনগণকে সাথে নিয়ে একটা কার্ড বানাব। সেই কার্ডের নাম হবে ‘লাল কার্ড’, যা আমরা ব্যর্থ সরকারের হাতে ধরিয়ে দেব। তিনি উল্লেখ করেন, এনসিপি কোনো লুটপাট বা চাঁদাবাজির রাজনীতি করে না, বরং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত নেতারা বিগত গণঅভ্যুত্থানের সকল বীর শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং আগামী দিনে দেশের কল্যাণে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক গাজী সালাউদ্দিন তানভীর, জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন এবং মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলীসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ। এই যোগদান অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রায় এক হাজারের অধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেন।



