অল ক্রাইমস.টিভি ডেস্ক
মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও ইরানের ওপর সামরিক হামলার শঙ্কার মাঝেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর সম্ভাব্য সামরিক হামলা স্থগিত রাখার ঘোষণা দেওয়ার পর বাজারে এই স্বস্তি ফিরল।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১২ ডলার থেকে নেমে প্রায় ১০৯ ডলারে দাঁড়িয়েছে। এর আগে মধ্যপ্রাচ্য সংকটের কারণে তেলের বাজারে ব্যাপক অস্থিরতা চলছিল।
হামলা স্থগিতের নেপথ্যে
ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) নেতাদের অনুরোধে তিনি ইরানের বিরুদ্ধে মঙ্গলবারের সম্ভাব্য সামরিক পদক্ষেপ আপাতত স্থগিত রেখেছেন। একটি ‘গ্রহণযোগ্য চুক্তির’ দিকে আলোচনা এগোচ্ছে উল্লেখ করে ট্রাম্প বলেন, তবে সমঝোতা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র যেকোনো মুহূর্তে পূর্ণমাত্রার হামলায় যেতে প্রস্তুত।
সংকটের সূত্রপাত
গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে বিশ্ববাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ কঠোর করে ইরান। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত গ্যাস এই পথ দিয়েই পরিবহন হয়। ফলে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বাড়তে শুরু করে।
এদিকে ইরানি সংবাদমাধ্যমের দাবি, আলোচনার স্বার্থে ইরানের অপরিশোধিত তেলের ওপর কিছু নিষেধাজ্ঞা সাময়িক শিথিল করতে রাজি হয়েছে ওয়াশিংটন।
ভবিষ্যৎ শঙ্কা
বিশ্লেষকেরা সতর্ক করেছেন, হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ দ্রুত স্বাভাবিক না হলে সামনে বিশ্বজুড়ে বড় সংকট তৈরি হতে পারে। বিশেষ করে জ্বালানির বাড়তি দামের কারণে সবচেয়ে বেশি চাপে পড়তে পারে বিমান পরিবহন ও পর্যটন খাত।
সূত্র: বিবিসি



