পরীক্ষামূলক সংস্করণ

হাদি হত্যা নিয়ে বিস্ফোরক মন্তব্য: মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে ভারত সরকার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জড়িয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতাসহ একাধিক অজামিনযোগ্য ধারায় এফআইআর (অভিযোগ) দায়ের করা হয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এক নজিরবিহীন আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলাদেশের একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বিতর্কিত মন্তব্য করায় বৃহস্পতিবার (৪ জুন) পশ্চিমবঙ্গের শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় তাঁর বিরুদ্ধে এই এফআইআর দায়ের করা হয়। রাষ্ট্রদ্রোহিতাসহ একাধিক মারাত্মক অজামিনযোগ্য ধারায় এই লিখিত অভিযোগটি দায়ের করেছেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিশিষ্ট আইনজীবী রিংকু চ্যাটার্জি সিং।

অভিযোগকারীর সুনির্দিষ্ট দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর নিরপেক্ষতা নিয়ে জনসমক্ষে প্রশ্ন তুলে সাধারণ মানুষের মনে তীব্র বিভ্রান্তি, উসকানি ও ঘৃণা সৃষ্টির অপচেষ্টা করেছেন। একই সাথে, বাংলাদেশের মাটিতে ঘটে যাওয়া ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মতো একটি স্পর্শকাতর আন্তর্জাতিক ঘটনায় ভারত সরকার এবং ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জড়িয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন, তা আন্তর্জাতিক পর্যায়ে ভারতের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে। এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে ভারতের বিদ্যমান সুদৃঢ় কূটনৈতিক সম্পর্কে বড় ধরনের সংকট তৈরি করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

দাখিলকৃত অভিযোগপত্রে আরও জোর দিয়ে বলা হয়েছে যে, একজন শীর্ষ সারির জননেতার বক্তব্যের সামাজিক ও রাজনৈতিক প্রভাব অত্যন্ত ব্যাপক ও সুদূরপ্রসারী হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য মূলত দুই দেশের মধ্যকার সাম্প্রদায়িক সম্প্রীতি, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং ভারতের জাতীয় নিরাপত্তার জন্য একটি বড় হুমকি। ফলে এই মন্তব্যের নেপথ্যের উদ্দেশ্য খতিয়ে দেখতে এর যথাযথ ও নিরপেক্ষ তদন্ত হওয়া অত্যন্ত প্রয়োজন।

এই মামলার সূত্রপাত ঘটে হাদি হত্যা ইস্যুতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে স্পষ্ট ইঙ্গিত করে দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বিস্ফোরক বক্তব্য থেকে। তিনি জনসমক্ষে বলেছিলেন, “কাকে দিয়ে খুন করিয়েছিলেন? কার কার নাম বেরিয়ে ছিল? আজকের সরকার পরিবর্তন হলেও আমি সবটাই জানি। আমার হৃদয়টাই একটা কথার ভাণ্ডার। তথ্য ভাণ্ডার। কিন্তু এতদিন আমি বলিনি। নাম বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে।” তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসার পর দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক মহলে তীব্র তোলপাড় শুরু হয়। শিলিগুড়ি সাইবার ক্রাইম থানা কর্তৃপক্ষ এই অভিযোগটি গ্রহণ করলেও পুলিশের পক্ষ থেকে পরবর্তী আইনি পদক্ষেপ বা তদন্তের বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে বিষয়টি ইতিমধ্যেই দুই দেশের রাজনৈতিক মহলের আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

প্রধান খবর

এক্সপ্রেসওয়েতে যানবাহনের সংখ্যা গোপন করে রাজস্ব ফাঁকির অভিযোগ, দুদকের অভিযান

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহনের প্রকৃত সংখ্যা গোপন করে টোল আদায় ও রাজস্ব ফাঁকির অভিযোগে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানিতে অভিযান চালিয়েছে দুদক।

ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি

ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন বা লঙ্ঘনের চেষ্টা করলে তদন্তের পর প্রার্থিতা বাতিল করতে পারবে নির্বাচন কমিশন। পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে ভোট শুরু হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি।

বেকারত্ব সৃষ্টি করে এমন শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর বৈশ্বিক র‍্যাংকিং উন্নয়ন এবং শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বঙ্গভবনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

আসছে...