তিস্তা নদী ব্যবস্থাপনা মহাপরিকল্পনে সমীক্ষা, নকশা প্রণয়ন থেকে বাস্তবায়ন পর্যন্ত প্রতিটি ধাপে কারিগরি সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে চীন। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা তিস্তা প্রকল্প বাস্তবায়নে বেইজিংয়ের এই আগ্রহ নতুন সম্ভাবনা তৈরি করলেও ভারতের অবস্থান ও আঞ্চলিক ভূরাজনীতি বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, তিস্তা নদী ব্যবস্থাপনা মহাপরিকল্পনার শুরু থেকে যেখানে প্রয়োজন, সেখানে কারিগরি সহায়তা দিতে প্রস্তুত চীন। অর্থাৎ সমীক্ষা, প্রকল্পের নকশা, অবকাঠামো পরিকল্পনা এবং বাস্তবায়নের প্রতিটি ধাপেই অংশ নিতে আগ্রহী দেশটি।
দীর্ঘদিন ধরেই তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পটি বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় চীন প্রাথমিক সমীক্ষার কিছু কাজ করলেও ভারতের আপত্তির কারণে প্রকল্পটি আর এগোয়নি। একই সময়ে তিস্তার পানিবণ্টন চুক্তিও বাংলাদেশ ও ভারতের মধ্যে অনিষ্পন্ন থেকে যায়।
বিশ্লেষকদের মতে, তিস্তা প্রকল্পের পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য ভারতের সঙ্গে পানিবণ্টন চুক্তি গুরুত্বপূর্ণ। তবে বর্তমান বিএনপি সরকার নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব দিচ্ছে। সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানও তিস্তা প্রকল্পকে অগ্রাধিকার প্রকল্প হিসেবে উল্লেখ করেছেন।
বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাংবাদিকদের বলেন, বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে উত্তরাঞ্চলের মানুষের জীবন-জীবিকার সঙ্গে সংশ্লিষ্ট তিস্তা প্রকল্পে চীন সহযোগিতা করতে আগ্রহী। এ বিষয়ে অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই বলেও তিনি দাবি করেন।
ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ হয়ে প্রবাহিত তিস্তা নদী রংপুর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং কুড়িগ্রামের চিলমারীর কাছে ব্রহ্মপুত্র নদে মিলিত হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে নদী ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ, শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ এবং সেচ সুবিধা উল্লেখযোগ্যভাবে উন্নত হতে পারে।
কর্মকর্তাদের মতে, প্রকল্পের আওতায় নদীর গভীরতা বৃদ্ধি, তীর সংরক্ষণ, বন্যা নিয়ন্ত্রণ অবকাঠামো এবং পানি সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলা হবে। এর ফলে রংপুর, নীলফামারী, গাইবান্ধা ও কুড়িগ্রামে কৃষি উৎপাদন বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি, নদীভাঙন হ্রাস এবং শিল্প ও পর্যটনের সম্ভাবনা বাড়বে।
বিশ্লেষকদের মতে, তিস্তা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে চীন, ভারত, যুক্তরাষ্ট্রসহ আঞ্চলিক ও বৈশ্বিক কূটনৈতিক সমীকরণ দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে হবে। এই ভারসাম্য রক্ষা করতে পারলেই প্রকল্পটির সফল বাস্তবায়নের সম্ভাবনা আরও জোরালো হবে।



