ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায়ে বিশ্বের বিভিন্ন দেশ প্রতিনিধি পাঠালেও সৌদি আরব কোনো প্রতিনিধি পাঠায়নি। একই সঙ্গে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (গালফ) আরও কয়েকটি দেশও শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় অংশ নেয়নি।
শুক্রবার (৩ জুলাই) থেকে ইরানে আয়াতুল্লাহ আলি খামেনিকে শেষ শ্রদ্ধা জানানোর সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। প্রথম দিনে বিদেশি প্রতিনিধিদের জন্য তার মরদেহ প্রদর্শনের ব্যবস্থা করা হয়। শনিবার থেকে সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কফিন উন্মুক্ত স্থানে নেওয়া হবে।
সংবাদমাধ্যম হাউজ অব সৌদ জানিয়েছে, প্রায় ১৪ মাস আগে ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হলে তার জানাজায় সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী অংশ নিয়েছিলেন। তবে খামেনির মৃত্যুর পর এবার সৌদি আরব থেকে কোনো প্রতিনিধি ইরানে পাঠানো হয়নি।
প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার পর্যন্ত সৌদি সরকার আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিনিধি মনোনীত করেনি।
এদিকে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও বাহরাইনসহ গালফ অঞ্চলের অন্যান্য দেশও খামেনির শেষ বিদায়ে কোনো প্রতিনিধি পাঠায়নি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান পাল্টা প্রতিক্রিয়ায় গালফ অঞ্চলের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন স্থাপনায় হামলা চালায়। ওই হামলার দিনই খামেনি তার পরিবারের কয়েকজন সদস্যসহ নিহত হন বলে ইরানের রাষ্ট্রীয় সূত্র দাবি করেছে।
এখন পর্যন্ত গালফ অঞ্চলের দেশগুলো খামেনির মৃত্যুতে আনুষ্ঠানিক শোকবার্তা প্রকাশ করেনি। বিশ্লেষকদের মতে, এ অবস্থান নতুন নেতৃত্বের প্রশ্নে তাদের কূটনৈতিক সতর্কতার ইঙ্গিত বহন করতে পারে।



