ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় অংশ নিতে রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সের বাইরে লাখো মানুষের ঢল নেমেছে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিতে রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সের বাইরে শনিবার (৪ জুলাই) ভোর থেকেই হাজার হাজার মানুষ সারিবদ্ধভাবে অপেক্ষা করছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ৬টায় জনসাধারণের জন্য মোসাল্লা কমপ্লেক্স খুলে দেওয়ার আগেই শোকাহত মানুষের দীর্ঘ লাইন তৈরি হয়। এই গ্র্যান্ড মোসাল্লাতেই শুক্রবার (৩ জুলাই) খামেনির জানাজা ও শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। খামেনির মৃত্যুতে ইরানজুড়ে কয়েকদিন ধরে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে এবং দেশের বিভিন্ন শহর থেকে হাজারও মানুষ তেহরানে এসে শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। দীর্ঘ ৩৭ বছরের নেতৃত্বের অবসান ঘটিয়ে বিদায় নেওয়া আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় এক কোটির বেশি মানুষ অংশ নেবে বলে আশা করছে দেশটির প্রশাসন। ১০০টির বেশি বিদেশি প্রতিনিধিদল এই অনুষ্ঠানে শ্রদ্ধা জানালেও ইউরোপীয় দেশগুলোকে তেহরান আমন্ত্রণ জানায়নি।
শেষ শ্রদ্ধা জানাতে অপেক্ষমাণদের একজন সোমাইয়ে হামেদি এএফপিকে বলেন, “আমরা আমাদের নেতাকে শেষবারের মতো বিদায় জানাতে এসেছি। তাই এভাবে অপেক্ষা করা আমাদের কাছে কষ্টকর বা কঠিন মনে হচ্ছে না।”
শ্রদ্ধা জানাতে আসা আরেকজন ব্যক্তি বলেন, “আয়াতুল্লাহ আলী খামেনি আমাদের হৃদয়ে, আমাদের আত্মায়, আমাদের অস্তিত্বের গভীরে চিরকাল বেঁচে থাকবেন। তিনি আমাদের সবার সঙ্গে, আমাদের প্রিয় ইরান এবং সমগ্র উম্মাহর সঙ্গে চিরকাল থাকবেন। তাই আমরা কখনোই তাকে বিদায় জানাব না।”
সেখানে উপস্থিত অন্য একজন দর্শনার্থী বলেন, “আমাদের শহীদ নেতা ছিলেন অত্যন্ত প্রজ্ঞাবান। শহীদ ইমাম ইরান এবং ইসলামের ভবিষ্যৎ নিয়ে যে দূরদর্শিতা রেখে গেছেন, তা বিবেচনায় নিয়ে আমরা অবশ্যই ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী।”
ইরানের ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত হন। একই হামলায় তার মেয়ে, নাতনি, জামাতা ও পুত্রবধূও নিহত হন। ইরান এবং ইসরাইল-যুক্তরাষ্ট্রের মধ্যে কয়েক সপ্তাহ ধরে তীব্র সামরিক উত্তেজনা ও সংঘাত চলতে থাকায় খামেনির দাফন অনুষ্ঠান বেশ কয়েকবার পিছিয়ে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধবিরতির অবকাশে দীর্ঘ প্রায় চার মাস পর ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে রাষ্ট্রীয়ভাবে খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠান সম্পন্ন করা হচ্ছে। ইরান কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, খামেনির স্মরণে সাতদিনব্যাপী রাষ্ট্রীয় শোকানুষ্ঠান ইরান ও ইরাকের একাধিক শহরে অনুষ্ঠিত হবে, যা গত শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২ জুলাই) রাতেই তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনির মরদেহ নিয়ে আসা হয়। শুক্রবার এক ঐতিহাসিক ও ভাবগম্ভীর অনুষ্ঠানে ইরানের তিনটি সরকারি শাখার প্রধানসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপতি, সংসদীয় স্পিকার, বিশেষ দূত, ধর্মীয় ব্যক্তিত্ব, বুদ্ধিজীবী ও চিন্তাবিদরা এই শহীদ নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর একে একে সেখানে হাজির হন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিসহ দেশটির শীর্ষস্থানীয় নেতারা। তারা সবাই নীরবে চোখের জলে তাদের প্রিয় নেতার জন্য দোয়া করেন। ইরানি কর্মকর্তা ও তাদের পরিবার, ধর্মীয় সংখ্যালঘু প্রতিনিধি, প্রতিরোধ ফ্রন্টের শহীদ পরিবার এবং আরব উপজাতীয় নেতারাও এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে যোগ দেন।
শুধুমাত্র ইরানের নেতারাই নন, বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি, ধর্মীয় নেতা এবং ইরানের মিত্রদের পরিবারও শেষ শ্রদ্ধা জানাতে মোসাল্লায় উপস্থিত হন। ভারতের শিখ ও হিন্দু ধর্মীয় নেতাদের একটি প্রতিনিধিদল খামেনির মরদেহে শ্রদ্ধা নিবেদন করেছে। পাশাপাশি লেবাননের হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর পরিবারের সদস্যরাও এই অনুষ্ঠানে অংশ নেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে এসে খামেনির মরদেহে শেষ শ্রদ্ধা জানান এবং পরে ইরানের প্রেসিডেন্টসহ শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক সাক্ষাৎ করেন। তবে এবার ইউরোপীয় দেশগুলোকে কোনো আমন্ত্রণ জানায়নি তেহরান। ইরানের ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন দিয়েছে, তাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণের কোনো প্রশ্নই ওঠে না। ফলে খামেনির শেষ বিদায়ের এই বৃহৎ আয়োজনটি শোকানুষ্ঠানের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে ইরানের রাজনৈতিক অবস্থান ও মিত্রতারও একটি স্পষ্ট বার্তা হয়ে উঠেছে।
খামেনির এই শেষ শোকযাত্রার প্রতিটি গন্তব্যই অত্যন্ত বিশেষ ধর্মীয় ও রাজনৈতিক তাৎপর্য বহন করছে। ক্ষমতার কেন্দ্র তেহরানের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ নেওয়া হবে শিয়া ধর্মীয় শিক্ষার প্রাণকেন্দ্র কোমে, যেখানে অন্তত ২০ লাখ মানুষের উপস্থিতির প্রত্যাশা করা হচ্ছে। এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালায়। সেখান থেকে খামেনির শেষ গন্তব্য হবে মাশহাদ শহর। শিয়া ইসলামের অষ্টম ইমামের মাজার এবং খামেনির নিজস্ব জন্মস্থান হওয়ায় মাশহাদে আরও প্রায় ৪০ লাখ মানুষের ঐতিহাসিক অংশগ্রহণের আশা করছে ইরান প্রশাসন।



