দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৮৩৩ শিশু। এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শনিবার (৪ জুলাই) বিকেলে প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ হাম পরিস্থিতি প্রতিবেদনে জানানো হয়, সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় এসব তথ্য সংগ্রহ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ৬৩৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৩ শিশু। ফলে হাম ও হামের উপসর্গ মিলিয়ে মোট ৭৩১ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০১ শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ৭৩২ শিশু। অর্থাৎ একদিনে হাম ও উপসর্গ মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩৩ জনে।
এই সময়ে নতুন করে ৭০৪ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে চিকিৎসা শেষে ৬৭৫ শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪ হাজার ৬৯৩ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ১২ হাজার ৫২৬ জন। এছাড়া মোট ৮৭ হাজার ৯৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে ৮৪ হাজার ২১৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের হাম প্রতিরোধে সময়মতো টিকা গ্রহণ এবং জ্বর, র্যাশ বা হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।



