পরীক্ষামূলক সংস্করণ

কোথায় হারিয়ে গেল শাহ আমানতের কার্গো ফ্লাইট?

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি কার্গো ফ্লাইট চালুর উদ্যোগটি অবকাঠামোগত নানা সীমাবদ্ধতা ও রাজনৈতিক পটপরিবর্তনের কারণে বর্তমানে পুরোপুরি থমকে গেছে।

গত বছরের ৯ এপ্রিল ভারতের কেন্দ্রীয় সরকার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশকে দেওয়া দীর্ঘদিনের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে। ভারতীয় স্থলবন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানির এই সুবিধা বন্ধ হওয়ার পর থেকে চট্টগ্রাম থেকে সরাসরি কার্গো ফ্লাইট চালুর বিষয়টি আলোচনায় আসে। উদ্যোগের অংশ হিসেবে চীনের একটি এয়ারলাইনস প্রতিষ্ঠান এবং কোরিয়ান শিল্প প্রতিষ্ঠান ইয়াং ওয়ান গ্রুপ চট্টগ্রামে সরাসরি কার্গো ফ্লাইট চালুর আগ্রহ প্রকাশ করেছিল। এমনকি ইয়াং ওয়ান গ্রুপ কার্গো নিরাপত্তা উন্নয়নে একটি ‘ইডিএস’ (এক্সপ্লোসিভ ডিটেকশন সিস্টেম) স্ক্যানার মেশিন কিনে দেওয়ার প্রস্তাবও দিয়েছিল। গত জুলাই মাসে এই লক্ষ্য নিয়ে অবকাঠামো উন্নয়নকাজ শুরু হলেও পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তন এবং সরকারের পরিবর্তনের ফলে সেই কাজের আশানুরূপ অগ্রগতি হয়নি। অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্টরা চলতি বছরের গত ফেব্রুয়ারিতে এই কার্যক্রম শুরুর আশা প্রকাশ করলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

বর্তমানে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল এই পরিস্থিতির ব্যাখ্যা দিয়ে জানিয়েছেন, “চট্টগ্রাম বিমানবন্দর থেকে সরাসরি কার্গো ফ্লাইট চালুর বিষয়টি গত কয়েক মাস ধরে আলোচনায় নেই। এটি মন্ত্রণালয়ের বিষয়। এ ছাড়াও কোরিয়ান শিল্প প্রতিষ্ঠান ইয়াং ওয়ান গ্রুপও একসময় সরাসরি কার্গো ফ্লাইট চালুর বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিল। তারা কার্গো নিরাপত্তা উন্নয়নের জন্য একটি ইডিএস স্ক্যানার মেশিন কিনে দেওয়ার প্রস্তাবও দিয়েছিল। এ ছাড়া একটি চায়না প্রতিষ্ঠানও চট্টগ্রাম থেকে কার্গো ফ্লাইট চালুর বিষয়ে আগ্রহ দেখিয়েছে বলে শুনেছি। কিন্তু এখন এসব আলোচনায় নেই। চট্টগ্রাম থেকে সরাসরি কার্গো ফ্লাইট চালু করতে হলে দুটি ইডিএস স্ক্যানার স্থাপনের পাশাপাশি কার্গো শেড নির্মাণ এবং অন্যান্য অবকাঠামোগত কাজ শেষ করতে হবে।”

বর্তমানে চট্টগ্রাম বিমানবন্দরে কোনো ইডিএস স্ক্যানার নেই, যার ফলে এখান থেকে সরাসরি ইউরোপ বা আমেরিকায় পণ্য পাঠানো সম্ভব হচ্ছে না। বর্তমানে বিমানবন্দর থেকে শিপমেন্ট করা মালামাল প্রথমে মধ্যপ্রাচ্যের ইডিএস স্ক্যানার সুবিধাসম্পন্ন দেশে পাঠানো হয় এবং সেখানে নিরাপত্তা সার্টিফাইড হওয়ার পর ইউরোপে যায়। এই প্রক্রিয়াটি রপ্তানিকারকদের জন্য চরম জটিলতা ও ভোগান্তি তৈরি করছে। এই সমস্যার কথা তুলে ধরে চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ বলেন, “চট্টগ্রাম হচ্ছে দেশের মধ্যে একমাত্র বাণিজ্যিক নগরী। অথচ এই নগরের বিমানবন্দরে নেই কার্গো ভিলেজ। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। চট্টগ্রামে ইপিজেড, কেপিজেড, ইয়াং ওয়ান গ্রুপ, মীরসরাই অর্থনৈতিক অঞ্চলসহ অসংখ্য ছোট-বড় উৎপাদনমুখী শিল্প-কারখানা রয়েছে। এ কারণে চট্টগ্রাম বিমানবন্দরকে সত্যিকার অর্থে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠিত করার পাশাপাশি পরিপূর্ণ কার্গো ভিলেজ করা এখন সময়ের দাবি। অন্তর্বর্তী সরকারের সময়ে কার্গো ভিলেজ নিয়ে খুব বেশি তৎপরতা দেখা গিয়েছিল। এখন কী অবস্থায় আছে, তা আমার জানা নেই। আশা করছি চট্টগ্রামের ব্যবসায়ীদের কথা মাথায় রেখে বর্তমান বিএনপি সরকার বিমানবন্দরের কার্গো ভিলেজের কাজ দ্রুত শেষ করবে।”

একই সংকটের কথা জানিয়ে বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের সাবেক ভাইস প্রেসিডেন্ট খায়রুল আলম সুজন বলেন, “চট্টগ্রাম বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট চালু অত্যন্ত জরুরি। চট্টগ্রাম দেশে তৈরি পোশাক শিল্পের দ্বিতীয় বৃহত্তম অঞ্চল। এখানকার বিভিন্ন শিল্পাঞ্চল ও উৎপাদন কেন্দ্র থেকে নিয়মিতভাবে পণ্য আমদানি-রফতানি হয়ে থাকে। চট্টগ্রাম থেকে সরাসরি কোনও কার্গো ফ্লাইট না থাকায় রফতানিকারকদের জরুরি পণ্য ঢাকা হয়ে অথবা অন্য দেশের মাধ্যমে পাঠাতে হয়। এতে সময়, খরচ ও ভোগান্তি তিনটিই বেড়ে যায়।”

বিমানবন্দর কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো শেডে বর্তমানে ২৫০ টন আমদানি এবং ২০ টন রপ্তানি পণ্যের ধারণক্ষমতা রয়েছে। তবে ২০২২ সাল থেকে বিমানবন্দরে ডেডিকেটেড আমদানি কার্গো ফ্লাইট পুরোপুরি বন্ধ রয়েছে। বর্তমানে কেবল যাত্রীবাহী ফ্লাইটে সীমিত আকারে কিছু পণ্য আমদানি-রপ্তানি করা হচ্ছে, যার ফলে বিমানবন্দরের কার্গো স্টেশনটি প্রায় অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। অথচ অবকাঠামো ঠিকঠাক থাকলে সপ্তাহে অন্তত দুটি বড় কার্গো ফ্লাইট এলেও তার পণ্য সহজে হ্যান্ডলিং করা সম্ভব হতো।

প্রধান খবর

বগুড়ায় ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু

বগুড়ার মমইনে ‘নসীব’ সিনেমার শুটিংয়ে গিয়ে মারা গেছেন ছোট পর্দার অভিনেতা সোহেল খান। মঙ্গলবার সকালে হোটেলকক্ষে অসুস্থ অবস্থায় তাকে পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান নির্মাতা এমডি ইকবাল।

গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজব ও বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজব ও বেতন বৃদ্ধির দাবিতে কোনাবাড়ী, ভবানীপুর ও নতুন বাজার এলাকায় শ্রমিক বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনাবাড়ীতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নোয়াখালীর স্বর্ণদ্বীপে সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষ যৌথ সামরিক মহড়া পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলনে অংশ নেবে তিন বাহিনীর বিশেষায়িত ইউনিট।

আসছে...