পরীক্ষামূলক সংস্করণ

মিয়ানমার সীমান্তে ১০৮ কিমি কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ

মিয়ানমারের সঙ্গে সীমান্ত নিরাপত্তা জোরদারে প্রায় ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ। আন্তঃসীমান্ত অপরাধ, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে জাপানভিত্তিক সংবাদমাধ্যম নিক্কেই এশিয়া।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ-মিয়ানমার ২৭১ কিলোমিটার দীর্ঘ সীমান্তের ঝুঁকিপূর্ণ অংশে এই অবকাঠামো নির্মাণ করা হবে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে প্রতিবেশী কোনো দেশের সঙ্গে সীমান্তে এটিই হবে বাংলাদেশের প্রথম কাঁটাতারের বেড়া নির্মাণ প্রকল্প।

২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর দমন-পীড়নের পর কয়েক লাখ মানুষ বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর থেকেই সীমান্তটির কৌশলগত গুরুত্ব বেড়ে যায়। সাম্প্রতিক সময়ে রাখাইনে আরাকান আর্মির নিয়ন্ত্রণ বৃদ্ধি এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে নতুন এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, প্রকল্পটির মূল লক্ষ্য অবৈধ অনুপ্রবেশ, আন্তঃসীমান্ত অপরাধ, মানবপাচার, মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধ করা।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, সীমান্তের ঝুঁকিপূর্ণ প্রায় ১০৮ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা রয়েছে। তবে কোন কোন এলাকায় এটি নির্মাণ করা হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত প্রকাশ করা হয়নি।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, সীমান্তের ওপারে কার্যকর রাষ্ট্রীয় প্রশাসনিক কাঠামো দুর্বল হয়ে পড়ায় সীমান্ত ব্যবস্থাপনায় নতুন ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে।

মিয়ানমারে বাংলাদেশের সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ শহিদুল হক বলেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে যোদ্ধাদের যাতায়াত, অস্ত্র ও মাদক পাচার বেড়েছে। তার মতে, কাঁটাতারের বেড়ার পাশাপাশি টহল সড়ক নির্মাণ করলে সীমান্ত নজরদারি আরও কার্যকর হবে।

বাংলাদেশ কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের শেষ দিক থেকে নাফ নদী ও বঙ্গোপসাগর এলাকা থেকে ৪২৬ জনের বেশি বাংলাদেশি জেলে অপহরণের শিকার হয়েছেন। এর মধ্যে ৩২৪ জন দেশে ফিরলেও বাকিরা এখনো অপহরণকারীদের কাছে রয়েছেন।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, রাখাইনে চলমান সংঘাত, আরাকান আর্মির তৎপরতা, রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা এবং মাদক-অস্ত্র পাচারের ঝুঁকি মোকাবিলায় সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে পারে।

প্রধান খবর

গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজব ও বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজব ও বেতন বৃদ্ধির দাবিতে কোনাবাড়ী, ভবানীপুর ও নতুন বাজার এলাকায় শ্রমিক বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনাবাড়ীতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নোয়াখালীর স্বর্ণদ্বীপে সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষ যৌথ সামরিক মহড়া পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলনে অংশ নেবে তিন বাহিনীর বিশেষায়িত ইউনিট।

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে রয়েছে দুই ব্যাটালিয়ন বিজিবি। গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারের পাশাপাশি ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরায় নজরদারি করছে বাহিনীটি।

আসছে...