পরীক্ষামূলক সংস্করণ

মিরপুরে দুর্বৃত্তদের গুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

মুন্তাসির মামুন

রাজধানীর মিরপুর-১৩ এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় ফুটপাতের দুই ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার (২৫ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে মিরপুর-১৩–এর ই-ব্লকে ওপেক্স গার্মেন্টস ও শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফটকসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ইউসুফ আলী (৪৫)। তিনি কাফরুল থানা যুবদলের কর্মী বলে জানা গেছে। তাঁর বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার শাকরাল এলাকায়।

গুলিবিদ্ধ অপর দুজন হলেন নালাম সরদার (৪৫) ও মনির হোসেন (৩২)। নালাম ফুটপাতে কাঁচামালের ব্যবসা করেন এবং মনির ফুটপাতে কাপড় বিক্রি করেন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, চার থেকে পাঁচজন অজ্ঞাত ব্যক্তি ঘটনাস্থলে এসে এলোপাতাড়ি গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এতে ইউসুফ, নালাম ও মনির গুলিবিদ্ধ হন। স্বজন ও স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক ইউসুফকে মৃত ঘোষণা করেন।

ইউসুফের বুকের ডান পাশে গুলি লেগেছিল। নালাম মাথার ডান পাশে এবং মনির বাঁ পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার পর স্থানীয় লোকজন সন্দেহভাজন একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বলে জানা গেছে। তবে আটক ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার পরপরই প্রাথমিকভাবে কাফরুল থানা যুবদলের সদস্যসচিব মো. হাফিজুল ইসলাম বাবু গুলিবিদ্ধ হয়েছেন বলে তথ্য পাওয়া গিয়েছিল। তবে পরবর্তী সময়ে হাসপাতাল ও সংশ্লিষ্ট সূত্রে পাওয়া তথ্যে গুলিবিদ্ধ তিনজন হিসেবে ইউসুফ আলী, নালাম সরদার ও মনির হোসেনের নাম পাওয়া গেছে। হাফিজুল ইসলাম বাবু গুলিবিদ্ধ হয়েছেন কি না, তা যাচাই করা হচ্ছে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কী কারণে এ হামলা হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা জানতে তদন্ত চলছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে।

প্রধান খবর

আর প্রশ্নপত্র ফাঁস হবে না, কোচিংয়ে পড়ানো শিক্ষকদের তালিকা হচ্ছে: শিক্ষামন্ত্রী

আগামী দিনে বাংলাদেশে আর প্রশ্নপত্র ফাঁস হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। নাটোরে এক অনুষ্ঠানে তিনি বলেন, শ্রেণিকক্ষে পাঠদান না করে কোচিং সেন্টারে পড়ানো এমপিওভুক্ত শিক্ষকদের তালিকা তৈরি করা হচ্ছে। দায়িত্বে অবহেলা করলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা।

১ম বার বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানালেন প্রধানমন্ত্রী

প্রথমবারের মতো সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী। বৃহস্পতিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের বিদায় জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম ধাপে ১০ হাজার কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে সরকারের।

পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে সরকারি দলের হস্তক্ষেপ ছিল না: শ্রমমন্ত্রী

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে সরকারি দলের হস্তক্ষেপ ছিল না বলে মন্তব্য করেছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শনিবার থেকে কাজে ফেরার আহ্বান জানিয়েছেন তিনি।

আসছে...