বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে। তার জায়গায় নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন দাস। ফলে এখন থেকে টি-টোয়েন্টির পাশাপাশি ওয়ানডে দলেও নেতৃত্ব দেবেন এই উইকেটকিপার-ব্যাটার।
বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সাম্প্রতিক সময়ে সাদা বলের ক্রিকেটে মিরাজের পারফরম্যান্স ও নেতৃত্ব নিয়ে আলোচনা-সমালোচনা চলছিল। বিশেষ করে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশের পরাজয়ের পর তার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন ওঠে। এরপর থেকেই নেতৃত্ব পরিবর্তনের গুঞ্জন জোরালো হয়।
অবশেষে সেই গুঞ্জনের অবসান ঘটিয়ে বিসিবি ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে লিটন দাসের নাম ঘোষণা করেছে। এর ফলে বাংলাদেশের সাদা বলের দুই সংস্করণ—ওয়ানডে ও টি-টোয়েন্টিতে একই অধিনায়কের নেতৃত্বে খেলবে টাইগাররা।
এদিকে, মেহেদী হাসান মিরাজ সম্প্রতি লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলছিলেন। জাতীয় দলের অস্ট্রেলিয়া সফরকে সামনে রেখে তিনি মাঝপথেই দেশে ফিরে এসেছেন।



