নাটোরের লালপুরে ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
আটক ব্যক্তিরা হলেন- লালপুর উপজেলার চক নাজিরপুর গ্রামের আজিম আলী (২৬), কেশবপুর গ্রামের মনোয়ার হোসেন (৩২) এবং ফরহাদ আলী (২২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে লালপুর থেকে ভেল্লাবাড়িয়াগামী সড়কে অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানে মাদক বিক্রি ও পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, দুটি স্মার্টফোন ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।



