জামালপুরের মেলান্দহ উপজেলায় একটি বিল থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার (৩১ জুলাই) সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের বানিয়াবাড়ি দানাভাঙা বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মেলান্দহ থানা পুলিশ জানায়, সকালে স্থানীয় কয়েকজন মাছ ধরতে গিয়ে বিলের পানিতে বিবস্ত্র অবস্থায় একটি অর্ধগলিত মরদেহ ভাসতে দেখেন। পরে তারা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিম মাহমুদুল হক জানান, উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি কীভাবে সেখানে এসেছে এবং এটি হত্যাকাণ্ড কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটির সব দিক গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।



