চট্টগ্রামের আনোয়ারায় শ্রমিকবাহী বাসের ধাক্কায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাত মাসের অন্তঃসত্ত্বা কাউসার আক্তার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একটি মৃত ছেলে সন্তান প্রসব করেছেন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন।
দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে আনোয়ারা উপজেলার কর্ণফুলী টানেল সংযোগ সড়ক এলাকায়। এতে ঘটনাস্থলেই দুই নারী শ্রমিক নিহত হন এবং অন্তত ২০ জন আহত হন।
চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে শুক্রবার (৩১ জুলাই) ভোরে কাউসার আক্তার মৃত সন্তান প্রসব করেন। পরে দুপুরে আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিওরি গ্রামে নবজাতককে দাফন করা হয়। সন্তানকে দাফন শেষে স্বামী মোহাম্মদ আরিফ আবার হাসপাতালে ফিরে আইসিইউতে চিকিৎসাধীন স্ত্রীর পাশে অবস্থান নেন।
পরিবারের সদস্যরা জানান, প্রায় আট বছর ধরে কোরিয়ান ইপিজেড (কেইপিজেড)-এর একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন কাউসার আক্তার। তার ১০ বছর বয়সী ছেলে মো. রাফি ও ৫ বছর বয়সী মেয়ে তাবাসসুম রয়েছে। দুর্ঘটনার পর দুই শিশুই মায়ের জন্য উদ্বিগ্ন।
কাউসারের শ্বশুর মো. নুরুন্নবী বলেন, দুর্ঘটনায় তার পুত্রবধূর মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং এখনও তার জ্ঞান ফেরেনি। পরিবারের সবাই তার সুস্থতার অপেক্ষায় রয়েছেন।
আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মজনু মিয়া জানান, শ্রমিকবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচটি সিএনজিচালিত অটোরিকশা, একটি ব্যাটারিচালিত রিকশা এবং একটি দোকানে ধাক্কা দেয়। এতে দুই নারী নিহত ও অন্তত ২০ জন আহত হন।
তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত বাস ও ক্ষতিগ্রস্ত যানবাহন জব্দ করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



