চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৯৬ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানায়, ৫৩ বিজিবির অধীন ফতেপুর বিওপির একটি বিশেষ টহলদল শুক্রবার (১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে শিবগঞ্জ থানার দুর্লভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৯৬ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। জব্দ করা এসব সিরাপের আনুমানিক বাজারমূল্য ৩৮ হাজার ৪০০ টাকা।
বিজিবির সদস্যরা জানান, অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে উদ্ধার করা সিরাপগুলো আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করে ৫৩ বিজিবি চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা, মাদক চোরাচালান ও সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।



