গোপালগঞ্জে নিখোঁজের দুই দিন পর মধুমতি নদী থেকে নাফিস আশরাফ (২১) নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) রাতে সদর উপজেলার গোবরা চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নাফিস আশরাফ গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর ইসলামপাড়া এলাকার আশরাফুল ইসলাম শরীফের ছেলে। তিনি ঢাকার গ্রিন ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, দুই দিন আগে রাতে নাফিস কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
শুক্রবার রাতে স্থানীয়রা গোবরা চৌধুরীপাড়া এলাকার মধুমতি নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ জানায়, পরিবারের সদস্যরা মরদেহটি নাফিস আশরাফের বলে শনাক্ত করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।



