বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ দুর্বল হয়ে গেলেও দেশের বৃষ্টিপাতের প্রবণতা কমছে না। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ সারাদেশে আরও অন্তত ১০ দিন ঝড়বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (৩১ জুলাই) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত পূর্বাভাসে জানানো হয়, দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, বঙ্গোপসাগরের পশ্চিম মধ্য ছত্তিশগড় ও আশপাশের এলাকায় থাকা গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি ভারতের বিদর্ভ ও দক্ষিণ মধ্যপ্রদেশ এলাকায় অবস্থান করছে এবং ধীরে ধীরে আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হতে পারে।
এদিকে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে শুক্রবার রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু এলাকায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
শনিবার (১ আগস্ট) রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
রোববার (২ আগস্ট) রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং অন্যান্য বিভাগের কিছু অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস রয়েছে।
সোমবার (৩ আগস্ট) ও মঙ্গলবার (৪ আগস্ট) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, বরিশাল ও চট্টগ্রামের অনেক এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনেও দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।



