রাজধানীর দক্ষিণখানে মাহবুবা আরা বেগম (৭১) নামে এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার ঘটনায় তার দূর সম্পর্কের আত্মীয় মো. আবু তালহা সজিবকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজিব স্বীকার করেছেন, টাকা না পেয়ে তিনি ওই বৃদ্ধাকে হত্যা করেন। এ ঘটনায় শুক্রবার দক্ষিণখান থানায় নিহতের ছেলে মাহবুব হাসান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার এসআই আব্দুল্লাহ আল মামুন জানান, সজিব নিহতের ভাশুরের নাতি এবং নিয়মিত ওই বাসায় যাতায়াত করতেন। ঘটনার দিন অর্থের প্রয়োজন থাকায় তিনি মাহবুবা বেগমের কাছে টাকা চান। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি হত্যার পরিকল্পনা করেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
পুলিশের তথ্যমতে, ঘটনার সময় নিহতের স্বামী নামাজ পড়তে বাইরে গেলে সজিব ঘরে প্রবেশ করেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিনি প্রথমে ঘরে উঁকি দেন এবং পরে কাপড় দিয়ে বৃদ্ধার মুখ চেপে ধরে শ্বাসরোধ করেন।
হত্যার পর সজিব নিহতের কানের স্বর্ণের দুল নিয়ে যান এবং পরে একটি স্বর্ণের দোকানে বিক্রি করেন। পুলিশ অভিযান চালিয়ে গলানো অবস্থায় সেই স্বর্ণ উদ্ধার করেছে। নিহতের হাতের চুড়ি নিয়ে গেলেও সেগুলো স্বর্ণের না হওয়ায় ফেলে দেওয়ার কথা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তিনি।
নিহতের স্বজনরা জানান, ছেলে সিসিটিভি ফুটেজ দেখে হত্যার বিষয়টি জানতে পারেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ফুটেজ ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্ত করে গ্রেফতার করা হয়।
দক্ষিণখান থানার পুলিশ জানিয়েছে, গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে নিহতের গ্রামের বাড়ি পিরোজপুরের কাউখালীতে দাফন করা হয়েছে।



