নোয়াখালীর কোম্পানীগঞ্জে যুবদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগও উঠেছে।
শুক্রবার (১ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দিনার দোকান এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন সিরাজপুর ইউনিয়ন যুবদলের সহসভাপতি মো. আনোয়ার, স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক প্রার্থী ওমর ফারুক, যুবদল নেতা শরীফ, ৬ নম্বর ওয়ার্ড ছাত্রশিবিরের সেক্রেটারি ওসমান গনি শিহাব, ৮ নম্বর ওয়ার্ড ছাত্রশিবিরের সেক্রেটারি এনায়েত উল্লাহ রিফাত এবং শিবিরকর্মী নজরুল ইসলাম তামজিদ।
স্থানীয়রা জানান, কয়েকদিন আগে স্থানীয় পিএল একাডেমি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে সিনিয়র-জুনিয়র বিরোধের জেরে শুক্রবার সন্ধ্যায় শিবিরকর্মী নজরুল ইসলাম তামজিদকে যুবদলের নেতাকর্মীরা আটক করেন। পরে বিষয়টি সমাধানের জন্য স্থানীয় বিএনপি নেতা মোস্তফা রাজু ভূঁইয়া শিবির নেতাদের ঘটনাস্থলে ডাকেন।
তবে এ সময় হামলা ও ভাঙচুরের ঘটনা নিয়ে উভয় পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করেছে।
সিরাজপুর ইউনিয়ন জামায়াতের আমির আবুল হাসেম অভিযোগ করেন, সমাধানের জন্য আসা শিবির নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। পরে রাত ১০টার দিকে দুই পক্ষের মধ্যে আবারও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
অন্যদিকে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফতাব আহমেদ বাচ্চু অভিযোগ করেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিবির বহিরাগত লোকজন নিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। এ সময় বিএনপির কার্যালয় ও একটি দোকান ভাঙচুর করা হয়েছে বলে তিনি দাবি করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জানান, ঘটনায় বিএনপির দুজন আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



