চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৭ কেজি সোনা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় সোনা পাচারের অভিযোগে মো. রবিউল ইসলাম (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে দর্শনা উপজেলার পারকেষ্টপুর সীমান্ত এলাকায় এ অভিযান চালায় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)।
বিজিবি জানায়, পারকেষ্টপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ সোনা ভারতে পাচারের প্রস্তুতি নেওয়া হচ্ছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ৭৮-এর কাছে অবস্থান নেয় একটি টহল দল।
পরে মোটরসাইকেলে করে যাওয়া রবিউল ইসলামকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় তার কাছ থেকে বিভিন্ন আকৃতির ৩৯টি সোনার পিস উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনার মোট ওজন ৬ কেজি ৯৬৮ গ্রাম।
বিজিবির তথ্য অনুযায়ী, জব্দ করা সোনার আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা। এ ছাড়া আটক ব্যক্তির কাছ থেকে একটি মোটরসাইকেল, একটি বাটন মোবাইল ফোন ও নগদ ১৪০ টাকা জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল ইসলাম ভারতে পাচারের উদ্দেশ্যে সোনা বহনের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে বিজিবি।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) জানায়, আটক ব্যক্তি ও জব্দ করা মোটরসাইকেল দর্শনা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। উদ্ধার করা সোনা জমা দেওয়া হচ্ছে চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে।
বিজিবি আরও জানিয়েছে, সীমান্তে চোরাচালান ও সোনা পাচার প্রতিরোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত থাকবে।



