গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. মোয়াজ্জেম হোসেনকে (৩০) কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
শনিবার (১ আগস্ট) দুপুরে কুমিল্লার তিতাস উপজেলার বাতাকান্দি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তার মোয়াজ্জেম হোসেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ছোট কাজরা গ্রামের তারা মিয়ার ছেলে। তিনি ঢাকার মতিঝিল থানায় দায়ের করা একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।
র্যাব-১১ জানায়, বিচারপ্রক্রিয়া শেষে আদালত মোয়াজ্জেম হোসেনকে মৃত্যুদণ্ডের আদেশ দিলে তাকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। ২০২৪ সালের ৬ আগস্ট কারাগারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার সুযোগ নিয়ে অন্য বন্দিদের সঙ্গে তিনিও কারাগারের দেয়াল টপকে পালিয়ে যান।
কারা কর্তৃপক্ষের দায়ের করা মামলার পর থেকে মোয়াজ্জেম দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। পরে গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে র্যাব অভিযান চালায়।
র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান, শনিবার দুপুর দেড়টার দিকে তিতাস উপজেলার বাতাকান্দি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।



