কুমিল্লার চান্দিনা পৌরসভার সাবেক কাউন্সিলর ও উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার নাজমুল হাসান রোমেলকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে চান্দিনা উপজেলার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে চান্দিনা থানা পুলিশ।
ইঞ্জিনিয়ার নাজমুল হাসান রোমেল চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান দুলু মাস্টারের ছেলে। তিনি চান্দিনা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সর্বশেষ নির্বাচিত কাউন্সিলর ছিলেন এবং উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, ৫ আগস্টকে সামনে রেখে পরিচালিত বিশেষ অভিযানের অংশ হিসেবে তাঁকে গ্রেফতার করা হয়। তবে গ্রেফতারের সময় তাঁর বিরুদ্ধে কোনো নির্দিষ্ট মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুজ্জামান বলেন, নাজমুল হাসান রোমেল একাধিক মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে রয়েছেন। তবে কোন কোন মামলায় তিনি সন্দেহভাজন—এ বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, বিষয়টি যাচাই করে পরে জানানো হবে।



