খাগড়াছড়ির সিঙ্গিনালায় পঞ্চম শ্রেণির এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ শরীফ হোসেন নামের এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে জেলা সদরের সিঙ্গিনালা এলাকায় এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রীকে একা পেয়ে স্থানীয় একটি জঙ্গলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন গরুর রাখাল শরীফ হোসেন। পরে ভিকটিম বিষয়টি তার সহপাঠী ও স্কুল শিক্ষককে জানালে স্থানীয়রা একত্রিত হয়ে অভিযুক্ত শরীফকে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। আটক শরীফ হোসেন স্থানীয় এহসানুল হক রুবেলের বাড়িতে গরুর ঘাস কাটার কাজ করতেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায়কিসলু জানান, ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



