চাঁদপুর সদর উপজেলার মান্দারী গ্রামে প্রবাসী শাহজাহান পাটোয়ারী (৪৫) হত্যার ঘটনায় চারজনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। মাদকবিরোধী অভিযানের নামে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।
বুধবার (৫ আগস্ট) বিকেলে শাহ মোহাম্মদপুর ইউনিয়নের মান্দারী গ্রামের নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত শাহজাহান পাটোয়ারী ওই গ্রামের মৃত মকবুল হোসেন পাটোয়ারীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে কয়েকজন যুবক মাদকবিরোধী অভিযানের কথা বলে শাহজাহান পাটোয়ারীর বাড়ির এলাকায় যান। তারা সেখানে কেন এসেছেন, তা জানতে চাইলে শাহজাহানের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে ওই যুবকেরা ক্ষিপ্ত হয়ে তার ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে নিহতের স্বজন মো. স্বপন পাটোয়ারী চাঁদপুর সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলায় অভিযুক্ত চারজন হলেন— লোধেরগাঁও গ্রামের শাকিল গাজী (২৭), সাজিদ গাজী (২৩), মান্দারী গ্রামের আল আমিন মিজি (২১) ও আরাফাত মিজি (১৯)।
এজাহারে তাদের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে এলাকায় প্রবেশ, হামলা ও হত্যার অভিযোগ আনা হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ ও অভিযুক্তদের ভূমিকা তদন্তের পর পরিষ্কার হবে বলে জানিয়েছে পুলিশ।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্ত অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



