ঢাকার কেরানীগঞ্জে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ১০৫ রাউন্ড তাজা গুলি ও ৫৮ গ্রাম হেরোইনসহ মো. মাসুদ (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
রবিবার (৯ আগস্ট) কেরানীগঞ্জের কুলচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুলচর এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় মাসুদের শয়নকক্ষ থেকে ওয়ান শুটারগান, ১০৫ রাউন্ড তাজা গুলি ও ৫৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মাসুদের নামে এরপূর্বেও কোনো মামলা রয়েছে কিনা জানতে চাইলে তিনি জানান, মাসুদের নামে ডিএমপির মোহাম্মদপুর ও যাত্রাবাড়ী থানায় দুটি মাদক মামলা রয়েছে।
এছাড়াও মেজর এম মুবীন রহমান তাপস আরও জানান, গ্রেপ্তার মাসুদ ও উদ্ধার করা আলামতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে।



