খুলনা নগরীর সোনাডাঙ্গা থানার করিমনগর এলাকায় ছেলেকে লক্ষ্য করে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গৃহবধূ শিমুল বেগম গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, সকাল ১০টার দিকে তিন দুর্বৃত্ত মোবাইল ফোন ব্যবসায়ী মুজিব খানের ছেলে কলেজছাত্র হৃদয় খানকে খুঁজতে করিমনগরের বাড়িতে যায়।
এ সময় মুজিব খান ছেলে বাড়িতে নেই বলে জানালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে দাঁড়িয়ে থাকা মুজিব খানের স্ত্রী শিমুল বেগমের পেটে বিদ্ধ হয়।
গুরুতর আহত শিমুল বেগমকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, হৃদয় খানের সঙ্গে পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের মূল লক্ষ্য ছিল হৃদয় খান। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার মা শিমুল বেগম গুলিবিদ্ধ হয়েছেন।



