অংকুর
রাজধানীর পল্লবী থানায় করা হত্যাচেষ্টা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলামকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (১০ আগস্ট) জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে গাজী নজরুল ইসলামের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান।
এর আগে গত ২১ জুলাই পল্লবী থানায় গাজী নজরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেন তার ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমান। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে মামলাটি করা হয়।
মামলার এজাহারে ওবায়দুর রহমান অভিযোগ করেন, সংসদ সদস্যের কথিত ‘অনৈতিক সম্পর্কের’ প্রতিবাদ করায় এবং ভিডিওটি ফাঁসের ঘটনায় তাকে সন্দেহ করে মারধর করা হয়েছে। মামলায় গাজী নজরুল ইসলাম ছাড়াও আমিনুর রহমান, মাসুম বিল্লাহ, মোস্তাসিম বিল্লাহ ও রাকিবুল হাসানকে আসামি করা হয়েছে।
এজাহারে বাদী ওবায়দুর রহমানকে গাজী নজরুল ইসলাম তার দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দেওয়া এক নারীর মামা বলে উল্লেখ করা হয়েছে।



