ঝিনাইদহের মহেশপুরে ১৩ বছরের এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে রফিকুল ইসলাম রুবেল (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) রাতে মহেশপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই শিক্ষার্থী মুদি দোকান থেকে বাড়ি ফেরার পথে একা পেয়ে তাকে যৌন হয়রানি করেন রফিকুল। শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান। এ ঘটনায় শিশুটির চাচা সুজন হোসেন বাদী হয়ে মহেশপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, মামলা নথিভুক্ত হওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় পূর্বেও ফৌজদারি মামলা রয়েছে।



