গ্যাস-বিদ্যুতের সংকটকে জাতীয় সংকট হিসেবে উল্লেখ করে সরকার ও বিরোধী দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একইসঙ্গে জামায়াতের লংমার্চ কর্মসূচি নিয়ে কটাক্ষ করে তিনি বলেছেন, সংকট সমাধানে সহযোগিতা না করে দলটি লংমার্চের নামে ‘লংড্রাইভ’ করছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহ সদর উপজেলার তেতুলতলা মায়াধরপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রাশেদ খাঁন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
রাশেদ খাঁন বলেন, গ্যাস ও বিদ্যুতের সংকট এখন জাতীয় সংকটে পরিণত হয়েছে। এই সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী দলকে একসঙ্গে কাজ করা প্রয়োজন। তবে জামায়াত সংকট সমাধানে সরকারকে সহযোগিতা না করে লংমার্চের নামে লংড্রাইভ করছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ১৯৯৬ সালে বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে জামায়াত আন্দোলন করেছিল। বর্তমানে জ্বালানি সংকটকে কেন্দ্র করে জামায়াত আওয়ামী লীগকে বিক্ষোভ করার সাহস জোগাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ সময় জামায়াতের আমীরকে উদ্দেশ করে রাশেদ খাঁন লংমার্চের নামে ‘লংড্রাইভ’ বন্ধ করার আহ্বান জানান।
আওয়ামী লীগের মিছিল প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগ আর ফিরবে না। শেখ হাসিনা মারা গেলেও তার লাশ দেশে ফিরিয়ে আনার মতো শেখ পরিবারের কেউ নেই বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগের নেতারা দেশে ফিরতে পারবেন না এবং দলটি ‘পচে-গলে ধ্বংস হয়ে গেছে’ বলেও দাবি করেন রাশেদ খাঁন।
জামায়াতের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, শফিকুল ইসলাম মাসুদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তার বক্তব্যে নিজের শক্তি বা ‘হ্যাডম’ নিয়ে করা মন্তব্যের প্রসঙ্গ তুলে রাশেদ খাঁন এ নিয়ে প্রশ্ন তোলেন।
জামায়াতের নেতারা ‘বট বাহিনী’ ব্যবহার করে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের চরিত্র হনন করছে বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, জামায়াত সেনাবাহিনীসহ কোনো বাহিনীকে মানে না এবং তাদের কাছে ‘বট বাহিনীই’ সবকিছু।
সার সংকট ও কৃষকের ভোগান্তি প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, দেশে কোনো সার সংকট নেই। ডিলাররা কৃত্রিমভাবে সার মজুদ করে সংকট দেখানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। আওয়ামী লীগ সরকারের সময়ে কারা সার ডিলার হিসেবে নিয়োগ পেয়েছিলেন, তা সবাই জানেন বলেও মন্তব্য করেন তিনি।
রাশেদ খাঁন বলেন, সরকার ওই সব আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী সার ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। পাশাপাশি সার ব্যবসার পুরো ব্যবস্থা নতুন করে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় তিনি কৃষকদের ধৈর্য ধরার আহ্বান জানান।
এর আগে সকাল ১০টায় তেতুলতলা মায়াধরপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন রাশেদ খাঁন। সভায় জেলা বিএনপির সহসভাপতি ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দীনসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।



